কাপড় কাচতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী শহরের জয়কৃষ্ণপুর এলাকায় কাপড় কাচতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের ইসলামিয়া সড়কের সুইপার কলোনির পাশে বন বিভাগের পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম প্রিয়ন্তা ভাস্কর (১১)। সে সুইপার কলোনির রঞ্জিত ভাস্করের মেয়ে। স্থানীয় হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে প্রিয়ন্তা সবার বড় ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন বিভাগের পুকুরঘাটে প্রিয়ন্তা ভাস্কর কাপড় কাচতে যায়। কাপড় কাচার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় প্রিয়ন্তা। সঙ্গে থাকা অপর এক শিশু বিষয়টি দেখে দৌড়ে কলোনিতে পরিবারের লোকজনকে জানায়। পরে তাঁরা দ্রুত সেখানে গিয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির লাশ পানিতে ভেসে ওঠে।
শহরের সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।