কাপড় বোনা শুরু, ডিজি বলছেন 'চালু করিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেশম কারখানায় গতকাল সোমবার থেকে কাপড় বোনা শুরু হয়েছে। রাজশাহী সদর আসনের সাংসদ ও রেশম উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলে হোসেন বাদশা তা পরিদর্শন করেছেন। অথচ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) বলছেন, ‘কারখানা চালু করিনি।’ কর্মচারীরাও অভিযোগ করেন, প্রশাসন তাঁদের সহযোগিতা করছেন না।

রেশম উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের ১৪ নভেম্বরের সভায় কারখানাটি স্বল্প পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিন স্তরে কারখানা চালু করা হবে। আগামী দেড় মাসের মধ্যে প্রথম স্তরে কাজ শুরু হবে। ২২ নভেম্বর তাঁতের সুইস অন করার সময় ফজলে হোসেন বলেন, প্রথম স্তরে পাঁচটি তাঁত চালু করা হবে। পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে বাকি তাঁতগুলো চালু করা হবে। সাংসদ বলেন, তুত চাষের জন্য তাঁরা ভারত সরকারের কাছ থেকে ৩০ কোটি টাকা সহায়তা পেয়েছেন। বাংলাদেশ সরকার দেবে আরও ২ কোটি টাকা। এই ৩২ কোটি টাকা তাঁরা তুতচাষিদের ঋণ হিসেবে বিতরণ করবেন, যাতে রাজশাহীতে তুত চাষ সম্প্রসারিত হয়।

গতকাল কারখানার একটি তাঁতে কাপড় বুনন শুরু হয়। গতকালও সাংসদ ফজলে হোসেন কাপড় বুননের সময় কারখানা পরিদর্শন করেন। এরপর তিনি প্রথম আলোকে বলেন, কারখানার বয়লারে গ্যাস-সংযোগ দিলে সুতা উৎপাদনের খরচ ৭৫ শতাংশ কমে আসবে। তাহলেই এই কারখানা লাভজনক হবে। তিনি বলেন, কিছু কর্মকর্তার অব্যবস্থাপনার কারণে কারখানাটি দীর্ঘ ১৫ বছর ধরে পড়ে ছিল। ওই কর্মকর্তাদের বক্তব্য ছিল, কারখানার সব তাঁত নষ্ট হয়ে গেছে। এ জন্য তাঁরা কারখানাটি ব্যক্তিমালিকানায় বিক্রি করে দিতে যাচ্ছিলেন। সেখান থেকে তিনি কারখানাটি ফিরিয়ে এনেছেন। এখন দেখা যাচ্ছে, কোনো তাঁতই নষ্ট হয়নি। ১৯৬২ সালের তাঁতেই কাপড় বোনা যাচ্ছে।

এদিকে রেশম কারখানার কর্মচারীরা জানান, রেশম কারখানার চালু করার জন্য ১৪ নভেম্বর রেশম উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত হয়েছে। সে সময় প্রাথমিক খরচের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই টাকা এখনো তাঁরা দেননি। সাংসদ ফজলে হোসেন অন্যভাবে এর ব্যবস্থা করেছেন। কর্মচারীরা জানান, কারখানা খোলার ব্যাপারে মহাপরিচালক সব সময় নেতিবাচক মনোভাব পোষণ করেন। সিদ্ধান্ত হওয়ার পরেও তিনি কর্মকর্তাদের ধীরে চলার নীতি অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন। কর্মচারীদের অভিযোগ, মাসের বেশির ভাগ সময় মহাপরিচালক কর্মস্থলের বাইরে থাকেন। এ জন্য তাঁকে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই কারণে তাঁর টেবিলে নথি উপস্থাপন করলে তা পাস হতে দেরি হয়।

গতকাল বিকেলে মহাপরিচালক আনিস উল হক ভুঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানা তো চালু করিনি। চালু করার চেষ্টা করছি।’ গতকাল সোমবার কারখানায় কাপড় বোনা হচ্ছে—এ কথা জানালে তিনি বলেন, ‘আমি জানি না। ঢাকা থেকে ফিরছি। রাতে কথা বলব।’ কারখানা খোলার ব্যাপারে অসহযোগিতার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এ ধরনের অভিযোগ সঠিক নয়। চাইলেই তিনি টাকা দিতে পারেন না। বিধি মোতাবেক টাকা দেবেন।

রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রায় ১০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে। লোকসান থাকলেও কোম্পানিটি তখন ভালোই চলছিল। কিন্তু মূলধন না থাকার অজুহাতে বিএনপি সরকার ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। ওই সময় সেখানে কর্মরত ছিলেন প্রায় ৩০০ স্থায়ী শ্রমিক।