কাভার্ড ভ্যান চাপায় সংবাদপত্র বিক্রেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সংবাদপত্র বিক্রেতার নাম মো. রুহুল আমিন (৬০)। তিনি আশুলিয়ার নবীনগর এলাকায় ৩৫ বছর ধরে সংবাদপত্র বিক্রি করতেন। রুহুল আমিনের বাড়ি টাঙ্গাইল সদরের খানজানা গ্রামে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে সংবাদপত্র নেওয়ার জন্য নবীনগরে আসছিলেন রুহুল আমিন। আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় আরিচাগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চালক কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যান। পরে প্রত্যক্ষদর্শীরা সাভার হাইওয়ে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও কাভার্ড ভ্যানটি জব্দ করে। সকাল আটটার দিকে নিহত ব্যক্তির ছোট ভাই মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই লাশ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটি। চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করবে।