কাভার্ড ভ্যান, লরির দখলে শাহ আমানত বিমানবন্দর সড়ক

দেখে বোঝার উপায় নেই এটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক। রাস্তার দুই পাশে শত শত কাভার্ড ভ্যান আর লরির দীর্ঘ সারি। এ যেন গাড়ির টার্মিনাল। সাধারণ যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। বিপরীত দিক থেকে গাড়ি এলেই থমকে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা। ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন কেউ কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দর সড়কে অবস্থিত পতেঙ্গা ইনকনট্রেড কনটেইনার ডিপোর কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ডিপোর ধারণক্ষমতা সাড়ে পাঁচ হাজার কনটেইনারের। কিন্তু বর্তমানে তা ছয় হাজারে পৌঁছে গেছে। এ অবস্থায় ডিপোর ভেতরে জায়গার সংকটের কারণে বাইরে মূল সড়কে কনটেইনার ও পণ্যবাহী গাড়ির চাপ বেড়ে গেছে।
গত শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, বোট ক্লাব ফেলে পুরোনো বিমানবন্দরের ফটক থেকে ১৫ নম্বর ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুই পাশে সারি সারি লরি ও কাভার্ড ভ্যান পড়ে আছে। এতে সড়কে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। লরি বা কাভার্ড ভ্যানগুলো লাইনে অবস্থান নিতে বা লাইন থেকে বের হতে গিয়ে রাস্তা আটকে ফেলছে। এ কারণে কমে যাচ্ছে গাড়ির স্বাভাবিক গতি। এতে তিন-চার মিনিটের এই রাস্তা পার হতে আধা ঘণ্টাও লেগে যাচ্ছে। বিপাকে পড়ছেন আকাশপথের যাত্রীরা। টিকিট কেটেও অনেকে বিমানে চড়তে পারছেন না।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, কনটেইনারবাহী গাড়ির জট বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ রুটের প্রতিটি উড়োজাহাজে গড়ে পাঁচ-ছয়জন যাত্রী বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছেন না। এ কারণে তাঁরা বিমান ভ্রমণ করতে ব্যর্থ হচ্ছেন।
স্থানীয় সাংবাদিক এজাজ মাহমুদ তাঁর ওমানগামী আত্মীয়কে বিদায় জানাতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে যান। পথে পতেঙ্গার ওই সড়কে তাঁদের গাড়িও থমকে যায়। আধা ঘণ্টার বেশি সময় লাগে তাঁদের ওই রাস্তা পার হতে।
ক্ষোভ প্রকাশ করে এজাজ মাহমুদ বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা এই অবস্থা দেখে আমাদের নিয়ে হাসাহাসি করবে। আসলে আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে কনটেইনার টার্মিনাল করার অনুমতি দেওয়া ঠিক হয়নি। লরি আর কাভার্ড ভ্যান তো কনটেইনার টার্মিনালের ভেতরেই থাকার কথা। গুরুত্বপূর্ণ রাস্তার ওপর কেন গাড়ি রাখা হবে?’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পতেঙ্গা ইনকনট্রেড কনটেইনার ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মহসীন সরকার রাস্তায় এ গাড়ির জটের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অদক্ষতার কারণে কনটেইনারের স্তূপ জমছে। রোজায় ইফতার ও সেহ্রির জন্য বন্দরে দীর্ঘ সময় কাজ বন্ধ রাখা হচ্ছে। এ কারণে কনটেইনার আনা-নেওয়ার গতি কমে গেছে। ফলে, রপ্তানি পণ্যবাহী গাড়িগুলো ডিপোর সামনে জড়ো করতে হচ্ছে।
মহসীন সরকার জানান, তাঁদের ডিপোর ধারণক্ষমতা সাড়ে পাঁচ হাজার কনটেইনারের। এখন তাঁরা ছয় হাজার কনটেইনার রাখছেন। ঈদের পর জাহাজীকরণের জন্য রপ্তানি পণ্য দ্রুত চলে আসছে। আগে যেখানে ২০০ থেকে ২৫০ গাড়ি আসত, এখন গড়ে প্রায় ৬০০ গাড়ি আসছে। এর ফলে একটু সমস্যা হচ্ছে।
ডিপো ব্যবস্থাপনা পরিচালকের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শবে কদরের কারণে বন্দরে এক পালা (আট ঘণ্টা) পরিচালন কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া রোজায় ইফতার ও সেহ্রির সময় ছাড়া সার্বক্ষণিক বন্দরে কনটেইনারের পরিচলন কার্যক্রম সচল থাকে। আমাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ঠিক নয়। আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি।’
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান গতকাল বিকেলে বলেন, হঠাৎ ওই সড়কের একটি ডিপোকে কেন্দ্র করে পণ্যবাহী গাড়ির আগমন বেড়ে গেছে। এ কারণে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সেখানে পুলিশ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।