কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীতে একটি চলন্ত কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রাণ গেছে পিকআপ ভ্যানের চালকের। আজ বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধুমঘাট সেতুসংলগ্ন এলাকায় সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আল আমিন (৩০)। তিনি বরিশালের গৌরনদীর ইল্লা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে ধুমঘাট সেতুসংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানকে দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন এর চালক। খবর পেয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পিকআপটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মনিরুল ইসলাম ভূঁঞা বলেন, সামনে থাকা কাভার্ড ভ্যানকে পেছনে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। তাৎক্ষণিকভাবে চালকের নাম–ঠিকানা জানা যায়নি। পিকআপ ভ্যানে থাকা ঠিকানায় মালিককে খবর পাঠানো হয়েছে।