কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের বটতলী ট্রাক টার্মিনাল চেহেলগাজি মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম মো. মোস্তফা কামাল (৩৫)। তিনি সদর উপজেলার রামডুবি গ্রামের মহসিন আলীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকালে সাইকেলে করে বাড়ি থেকে কাজের জন্য দিনাজপুর শহরের দিকে আসছিলেন মোস্তফা কামাল। মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-জ-১৩-০২০৭) ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মাটিতে পড়েন। পরে কাভার্ড ভ্যানের পেছনের চাকায় তিনি পিষ্ট হন। স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তাঁর সহকারী পলিয়ে গেছেন। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।