কাভার্ড ভ্যানের চাপায় বিস্কুট কারখানার কর্মচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল চালকের। চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় ইটভাটার সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার লোকনাথপুরের শাহাবুল হোসেনের ছেলে। তিনি পেশায় বিস্কুট কারখানার কর্মচারী ছিলেন।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানের চালক হামিদুর রহমানকে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল তৈরি করে আইনগত প্রক্রিয়ার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় এনে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জানায়, বেলা ১১টার দিকে শামীম উপজেলার চিৎলা এলাকার মায়ের দোয়া বিস্কুট কারখানা থেকে জরুরি প্রয়োজনে একটি মোটরসাইকেলে চেপে লোকনাথপুর যাচ্ছিলেন। জয়রামপুর শেখপাড়া এলাকায় ইটভাটার মাটি বৃষ্টিতে ভিজে মহাসড়ক পিচ্ছিল হয়ে থাকায় শামীম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির (বায়োফার্মা) কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে গুরুতর জখম হয়। মুমূর্ষু অবস্থায় শামীমকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আফরিন আক্তার বলেন, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শামীম মারা গেছেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের চালক হামিদুর রহমানকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। তাঁর বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বলরামপুর গ্রামে। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।