কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে একজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির পেছনে থাকা অপর একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেললাইনে উঠে গেলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর কাছে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নিহত যাত্রীর নাম হাসিব ( ২০)। আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে হাতিয়া এলাকায় টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় পিকআপের পেছনে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের চালক দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি সড়কের পাশে রেললাইনে উঠে যায়।
কাভার্ড ভ্যানটি রেলপথে ওঠার পরপরই সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কোনো প্রাণহানি ঘটেনি। পরে ট্রেনটি সেখানে থেমে যায়। ঘণ্টাখানেক পর বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের রেকার দিয়ে রেলপথ থেকে কাভার্ড ভ্যানটি সরানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।