‘কামরান সিলেটবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন’
সিলেট সিটির প্রয়াত সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।
সিলেট সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সিলেটবাসীর হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি অমায়িক ব্যবহার আর আন্তরিকতা দিয়ে দলমত-নির্বিশেষে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন। তাঁর মতো জনবান্ধব রাজনীতিবিদের এখন বড়ই অভাব।
আজ মঙ্গলবার বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্মরণসভায় বক্তারা এসব কথা বলেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ১৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সিলেটের সাবেক মেয়র কামরান।
এ উপলক্ষে আজ সকাল নয়টা থেকে নগরের নয়াসড়ক এলাকার মানিকপীর কবরস্থানে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা। শ্রদ্ধা নিবেদনকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
পারিবারিক উদ্যোগে আজ বাদ জোহর নগরের ছড়ারপাড় এলাকায় প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল হয়। এ সময় প্রয়াতের ছেলে আরমান আহমদ সবার কাছে তাঁর বাবার জন্য দোয়া চান।
সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরের দরগাহগেট এলাকার হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।