কারও শ্রম, কারও ইট–বালুতে মেরামত হলো বন্যায় ক্ষতিগ্রস্ত দুই কিমি সড়ক
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে সালুটিকর এলাকার রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। কয়েক দিন আগে পানি সরে গেলেও রাস্তার অন্তত দুই কিলোমিটার অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার দিনভর এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরেই গোয়াইনঘাট-সালুটিকর রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় ছিল। ১৫ জুন আকস্মিক বন্যায় রাস্তাটি তলিয়ে উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার ওপর দিয়ে অন্তত চার ফুট পানি উপচে পড়েছে। পানির তীব্র স্রোতে রাস্তার অন্তত দুই কিলোমিটার অংশে বড় বড় খানাখন্দ তৈরি হয়। পুরো রাস্তাটি এবড়োখেবড়ো হয়ে পড়ে।
লোকজনের দ্রুত নির্বিঘ্ন চলাচলের স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় লোকজনকে আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে পিরিজপুর ও গোয়াইন গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, রোভার স্কাউট, শ্রমিক, রাজনীতিবিদসহ অনেকেই। অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবী এ কাজে অংশ নেন। এ রাস্তা নির্মাণে ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ সদস্যও অংশ নেন।
একাধিক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, রাস্তাটি দিয়ে উপজেলার কয়েক লাখ মানুষ চলাচল করে। এ ছাড়া গোয়াইনঘাট সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থীকে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা রাস্তাটির সংস্কারকাজ করা হয়। গোয়াইনঘাট সরকারি কলেজ কর্তৃপক্ষ ও কয়েক প্রবাসীর অনুদানে রাস্তার সংস্কারকাজ চলে। এর বাইরেও অনেকে ইটের সুরকি, বালু, বস্তা, টুকরি-বেলচাসহ নানা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
রাস্তার সংস্কারকাজ চলাকালে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, ইউএনও তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা মো. লুৎফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী অহিদ মিয়া, পরিবহনশ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, শরিফ উদ্দিন, মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।
সড়কের আশপাশের গ্রামের বাসিন্দারা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর রাস্তাটি ভেসে উঠলে বিধ্বস্ত রূপ দেখা যায়। স্থানে স্থানে পিচ ও ইটের খোয়া সরে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। এতে এ রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যা হচ্ছিল। গত সোমবার রাতেও একটি যান রাস্তায় উল্টে যায়। স্বচ্ছন্দে যাতায়াত করতে না পেরে আশপাশের বাসিন্দারা নিজেরাই রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।
গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় মাটি, বালু ও ইটের খোয়া ফেলে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে রাস্তাটি যাতায়াতের উপযোগী করে তোলেন। দুর্যোগকালে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় স্বেচ্ছাশ্রমের এক অনন্য নজির তাঁরা স্থাপন করেছেন। তাঁদের এ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন।