হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ
কারখানার দূষণে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদ
পানি সেচকাজে ব্যবহার করা যাচ্ছে না। যাঁরা বাধ্য হয়ে ব্যবহার করছেন, তাঁদের নানা অসুখ দেখা দিয়েছে।
পরিবেশদূষণের দায়ে হাইকোর্টের নির্দেশে হবিগঞ্জের মাধবপুরে সম্প্রতি বন্ধ করে দেওয়া হয় ড্রাই স্টার্চ পাউডার উৎপাদনকারী মার লিমিটেড। তবে জেলার শায়েস্তাগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোর দূষণ ঠেকাতে নেই ব্যবস্থা। এতে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদ।
সুতাং নদের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায়। সেখান থেকে ৮২ কিলোমিটার দীর্ঘ এই নদ প্রবাহিত হয়ে জেলার চুনারুঘাট, হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ওপর দিয়ে কুশিয়ারা নদীর সঙ্গে মিশেছে। এই তিন উপজেলার শতাধিক গ্রামের মানুষের জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল।
সুতাং নদের পানি এখন কুচকুচে কালো। দুর্গন্ধে নদের পাড় ধরে হাঁটার উপায় নেই। পানি সেচকাজে ব্যবহার করা যাচ্ছে না। এরপরও যাঁরা বাধ্য হয়ে ব্যবহার করছেন, তাঁদের চর্মরোগসহ নানা অসুখ দেখা দিয়েছে। মরে যাচ্ছে নদের মাছ।
পাঁচ-ছয় বছর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় ১৪-১৫টি শিল্পকারখানা গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান পার্শ্ববর্তী সদর উপজেলার শৈলজুরা এলাকার খালে বর্জ্য ফেলছে। তিন-চার বছর আগে জেলা প্রশাসন এসব শিল্পপ্রতিষ্ঠানকে সুবিধা দিতে তিন কিলোমিটারের খালটির দৈর্ঘ্য আরও দুই কিলোমিটার বাড়িয়ে হবিগঞ্জ সদর উপজেলার গদাইনগর এলাকায় সুতাং নদের সঙ্গে মিশিয়ে দেয়। এতে খালের এই বর্জ্য সরাসরি এখন সুতাং নদে গিয়ে পড়ছে। খালটি মূলত সেচকাজে ব্যবহার করছিলেন স্থানীয় কৃষকেরা।
লাখাই উপজেলার করাব গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে সুতাং নদ। গ্রামের মৎস্যজীবী বাবুল দাস বলেন, ‘পাঁচ বছর আগেও আমরা সুতাং নদ থেকে মাছ ধরে হবিগঞ্জ শহরে নিয়ে তা বিক্রি করেছি। এখন নদে মাছ তো দূরের কথা, পোকামাকড়ও নেই।’ একই এলাকার সুবোধ দাস বলেন, সনাতন ধর্মের লোকজন একসময় এ নদে পুণ্যস্নান করতেন। এখন দূষণের মাত্রা এমন হয়েছে, পুণ্যস্নান তো দূরের কথা, পশুও ধোয়া হয় না।
সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর অন্যায়ের প্রতিবাদ করার সাহস তিনি হারিয়ে ফেলেছেন। কারণ, তাঁরা এতটাই শক্তিধর যে কেউ প্রতিবাদ করলে এলাকার প্রভাবশালীরা তাদের পক্ষ হয়ে চোখ রাঙায়। আবার অনেক জনপ্রতিনিধি আন্দোলনের ঘোষণা দিয়ে পরে সুবিধা নিয়ে সরে দাঁড়ান। যে কারণে এ দূষণ রোধ করা যাচ্ছে না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘আমরা বারবার কোম্পানিগুলোর প্রতি দাবি জানিয়ে আসছি বর্জ্য ব্যবস্থাপনায় ইটিপি ব্যবহারের জন্য। কিন্তু তারা সেদিকে না গিয়ে এ এলাকার খালবিল, নদে শিল্পবর্জ্য ফেলে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ সাহিদা আক্তার বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী নদী দূষণমুক্ত ও সংরক্ষণের দায়িত্ব সরকারের। এ নদী রক্ষায় ব্যর্থ হওয়ায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের দায়িত্বশীল ২০ কর্মকর্তাকে সম্প্রতি আইনি নোটিশ দেওয়া হয়। বেলা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা বারবার কোম্পানিগুলোকে বলে আসছি ইটিপি ব্যবহারের জন্য। তারা নিশ্চিতও করে আসছে। এরপরও কেন নদটি দূষণ হচ্ছে, তা তদন্ত করে দেখা হবে।’