ময়মনসিংহ সদর ও গৌরীপুর
কারখানার বর্জ্যে খালদূষণ
একাধিক কারখানা দায়ী হলেও তারা দূষণ রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো স্থানীয় কয়েকজনকে ‘ম্যানেজ’ করে চালাচ্ছে দূষণ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও সদর উপজেলার মাঝখান দিয়ে বয়ে চলা একটি খালে দূষণ বাড়ছে। একাধিক কারখানার বর্জ্যে ওই খালটি দূষিত হচ্ছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। খালের দূষিত পানি ছড়িয়ে পড়ছে ফসলের জমিতে। এতে ক্ষতি হচ্ছে ফলের, দেখা মিলছে না দেশীয় জাতের মাছের।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, অন্তত চার বছর ধরে চলছে এই দূষণ। দূষণের জন্য একাধিক কারখানা দায়ী হলেও তারা দূষণ রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো স্থানীয় অসাধু কয়েকজনকে ‘ম্যানেজ’ করে চালাচ্ছে দূষণ।
খালটির এক পাশে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন আর অপর পাশে ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষ্মীয়া। খালটি চরনিলক্ষ্মীয়া পার হয়ে পড়েছে ব্রহ্মপুত্র নদে। খালের দূষিত পানি গিয়ে মিশছে ব্রহ্মপুত্র নদে।
১৩ মার্চ সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার সাহেব কাচারি বাজারের পেছন থেকে খালটির দূষণ শুরু হয়েছে। বাজারের পেছনে একটি সেতু। সেতু এলাকায় খালের পানির রং কালো। প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ওই পানি খাল বেয়ে নেমে গেছে ব্রহ্মপুত্র নদের দিকে। অন্তত দুই কিলোমিটার অংশজুড়ে খালের পানি কালো। পানির ওপর নানা ধরনের পোকা ভেসে বেড়াচ্ছে। দুর্গন্ধের কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সাহেব কাচারি ও গাজীপুর এলাকায় গত চার বছরে একাধিক কারখানা ও অ্যাগ্রো খামার হয়েছে। ওই সব কারখানা ও খামারের বর্জ্যে দূষিত হচ্ছে খাল। এর মধ্যে নাফিসা অ্যাগ্রো ফার্ম খালদূষণের জন্য বেশি দায়ী মনে করেন এলাকার মানুষ।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খালটির দূষণে প্রচণ্ড দুর্গন্ধ হয়। দিনের বেলায় দুর্গন্ধ কিছুটা কম থাকলেও রাতে দুর্গন্ধ বাড়ে। দিনে এবং রাতে প্রচুর মশা দেখা যায়। এ ছাড়া বর্ষাকালে খালের পানি উপচে ছড়িয়ে পড়ে চরনিলক্ষ্মীয়া ও চর ঘোড়ামারা গ্রামের বিস্তর ফসলের জমিতে। এতে দুটি গ্রামের ফসলের ফলন কমে যাচ্ছে দিন দিন।
চর ঘোরামারা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, ‘কয়েক বছর আগে একাধিক করখানার মালিকের পক্ষ থেকে খালটি খনন করে বর্জ্যবাহিত পানি প্রবাহের ব্যবস্থা করে। তখন আমরা বুঝতে পারিনি যে গ্রামে এত দূষণের সৃষ্টি হবে। এখন আমরা দূষণের কারণে বিপর্যয়ে পড়েছি।’
চরনিলক্ষ্মীয়া গ্রামের এরশাদ সরকার বলেন, দূষণের আগে খালের পানিতে নানা ধরনের দেশীয় মাছ আসত। পুরো গ্রামের মানুষ সে মাছ ধরত। এখন দূষণের কারণে মাছে তো দূরের কথা, খালের পানিতে ব্যাঙ বা সাপও থাকতে পারে না।
গ্রামবাসীর অভিযোগ, কারখানার মালিকেরা গ্রামের প্রভাবশালী কয়েকজনকে ‘ম্যানেজ’ করে এমন দূষণ ঘটাচ্ছেন। গ্রামের মানুষ কোনো অভিযোগ করলেও মালিকেরা তা কানে তোলেন না। প্রভাবশালীরা গ্রামের সাধারণ মানুষকে উল্টো হুমকি দেন।
গত রোববার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবস্থিত নাফিসা অ্যাগ্রো ফার্মে এ দূষণের বিষয়ে কথা বলতে গেলে নিরাপত্তাকর্মী আবদুস সালাম ভেতরে প্রবেশ করতে দেননি। পরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করলেও কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি।