কারচুপির অভিযোগ এনে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোট কারচুপির অভিযোগ এনে উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট বর্জন করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন ঘোড়া প্রতীকের আফজল হক ও আনারস প্রতীকের প্রেমসাগর হাজরা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়াউড়া চা-বাগান কালীমন্দির পয়েন্টে আলাদা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তাঁরা।

প্রেমসাগর হাজরা অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে প্রভাব বিস্তার করে রাখেন। দুপুরের পর থেকে কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দেন। বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়। বেলা তিনটার দিকে দারুল উলুম ফাজিল মাদ্রাসা সেন্টারের সামনে তাঁর এক কর্মী মোহন রবি দাশকে নৌকা প্রতীকের সমর্থকেরা মারধর করেন। মোহনের মাথা ফেটে রক্ত বের হয়।

আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা যেভাবে একটি সুন্দর ভোটকে কারচুপির মাধ্যমে নষ্ট করেছেন, সেটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব।
আফজল হক, স্বতন্ত্র প্রার্থী

প্রেমসাগর হাজরা আক্ষেপ করে বলেন, ‘চা-শ্রমিকেরা বারবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন। আমি চা-শ্রমিকের সন্তান হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমরা যাঁদের বারবার ভোট দিয়ে বিজয়ী করি, তাঁরাই আমাদের এই নির্বাচনে কারচুপি করে পরাজিত করতে নীলনকশা করেছেন।’

স্বতন্ত্র প্রার্থী আফজল হক অভিযোগ করেন, ‘আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা যেভাবে একটি সুন্দর ভোটকে কারচুপির মাধ্যমে নষ্ট করেছেন, সেটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব। আমাদের এই নির্বাচনে জয়ী হওয়ার কথা ছিল। কিন্তু যেভাবে সব ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মেরে বাক্সভর্তি করা হলো...। এই নির্বাচন আমরা বর্জন করেছি।’

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই প্রার্থীর ভোট বর্জনের কথা লোকমুখে শুনেছি। তাঁরা আমাদের জানাননি। ভোট বর্জনের বিষয়টি আইনসিদ্ধ না। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা সামাল দিয়েছে। কোথাও কোনো কারচুপি হয়নি। ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে।’

চা-শ্রমিকেরা বারবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন। আমি চা-শ্রমিকের সন্তান হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমরা যাঁদের বারবার ভোট দিয়ে বিজয়ী করি, তাঁরাই আমাদের এই নির্বাচনে কারচুপি করে পরাজিত করতে নীলনকশা করেছেন।
প্রেমসাগর হাজরা, স্বতন্ত্র প্রার্থী

এদিকে বেলা দুইটার দিকে কাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র‍্যাবের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। সেখানে গ্রামবাসীর হামলায় দুই র‍্যাব সদস্য আহত হন। আহত দুজন হলেন ল্যান্স নায়েক আক্তার ও কনস্টেবল আবু বকর। পরে র‍্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বসু চাকমা বলেন, এখানে ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছিলেন গ্রামবাসী। তাঁদের সেখান থেকে সরাতে গেলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দুই সদস্য আহত হন।

এদিকে সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় সব ভোটকেন্দ্রেই ভোটারদের সংখ্যা অনেক কম। বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা সারি দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে গিয়ে লোকজন ভোট দিয়েছেন।

এই নির্বাচনে আওয়ামী লীগের ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও প্রেমসাগর হাজরা (আনারস) প্রার্থী ছিলেন।

গত ২১ মে এই উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যান। পরে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।