কারণ অপরিকল্পিত নর্দমা খাল-পুকুর-বিল ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে যশোর শহরের শংকরপুর এলাকা। ছবিটি ৫ জুলাই দুপুরে তোলা l এহসান–উদ্‌–দৌলা
একটু বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে যশোর শহরের শংকরপুর এলাকা। ছবিটি ৫ জুলাই দুপুরে তোলা l এহসান–উদ্‌–দৌলা

কোনো পরিকল্পনা ছাড়াই নর্দমা (ড্রেন) নির্মাণ, সেগুলোর সঙ্গে মুক্তেশ্বরী নদীর সংযোগ না থাকা, পুকুর-খাল-বিল ভরাট করায় বৃষ্টি হলেই যশোর শহরের নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়ছে। সম্প্রতি ফুটপাতসহ এসব নর্দমা নির্মাণ করা হয়েছে।

শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের ভেতর দিয়ে ভৈরব ও পাশ দিয়ে মুক্তেশ্বরী নামে দুটি নদী প্রবাহিত হয়েছে। শহরের উত্তরাংশের পানি ভৈরব নদ ও দক্ষিণাংশের পানি মুক্তেশ্বরী নদী দিয়ে বের হয়। দক্ষিণাংশের ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পানি শংকরপুর এলাকার হরিণার বিল দিয়ে মুক্তেশ্বরী নদীতে গিয়ে নামে। মুক্তেশ্বরী নদী ভবদহ অঞ্চলে গিয়ে মিশেছে। সম্প্রতি হরিণার বিলে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাস স্থাপিত হয়েছে। এ ছাড়া মাছের ঘের তৈরি ও খাল দখলের কারণে পানি বের হতে বাধার সৃষ্টি হচ্ছে। যে কারণে আগের মতো এখন আর পানি দ্রুত নিষ্কাশিত হয় না।

জানতে চাইলে পৌর নাগরিক আন্দোলন কমিটির সদস্য ইকবাল কবির বলেন, শহরে নতুন নর্দমা নির্মাণ করা হয়েছে। আগের চেয়ে প্রস্থ ও গভীরতা কমিয়ে নতুন এসব নির্মাণ করায় পানি দ্রুত বের হতে পারছে না। তা ছাড়া নির্মাণের সময় ভেতরে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছিল। সেই সব বাঁধ অপসারণ না করে ঠিকাদার কাজ শেষ করেছেন। সে কারণেও পানি নর্দমায় আটকে থাকছে, মুক্তেশ্বরী নদীতে যেতে পারছে না। কারণ হচ্ছে, হরিণার বিলের মুখে মাছের ঘের তৈরি করা হয়েছে। খালগুলোও দখল করা হয়েছে। যে কারণে অবাধে পানি বের হতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার প্রথম আলোকে বলেন, শহরের জলাবদ্ধতার সমস্যা নতুন নয়। কয়েক বছর ধরে বৃষ্টির পানিতে শহর প্লাবিত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হচ্ছে, শহরের ড্রেনেজের সঙ্গে মুক্তেশ্বরী নদীর সংযোগ নেই। ওই সংযোগ স্থাপনের জন্য এক্সকাভেটর যন্ত্র দিয়ে হরিণার বিলের চার কিলোমিটার খাল খনন করা হয়েছে। আরও আধা কিলোমিটার খনন করার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন খননযন্ত্র লাগাতে হবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কাছে ওই যন্ত্র চাওয়া হয়েছে। ওই আধা কিলোমিটার খনন করে সংযোগ দিতে পারলেই শহরের জলাবদ্ধতা আর থাকবে না বলে দাবি করেন তিনি।

বেজপাড়া এলাকার বাসিন্দা এ কে এম মনিরুজ্জামান বলেন, বেজপাড়া এলাকার অধিকাংশ ড্রেন ময়লায় ভরাট হয়ে গেছে। পৌরসভার লোকজন ড্রেন পরিষ্কার করে না। এসব ড্রেন দিয়ে পানি সরার চেয়ে উল্টো পানি এসে নিচে জায়গায় জমে থাকছে। ড্রেন নির্মাণের সময় ‘ওয়াটার লেভেল’ ঠিক করা হয়নি বলেও তিনি জানান।

ষষ্টিতলা এলাকার বাসিন্দা অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, গত ১০ বছরে শহরের অন্তত ৫০টি পুকুর ভরাট করা হয়েছে। আগে বর্ষার পানি ওই সব পুকুরে জমা থাকত। এখন আর এলাকায় বড় কোনো পুকুর নেই। নিচু কোনো
জায়গাও নেই যে সেখানে পানি জমে থাকতে পারে।

শহরের বেজপাড়া এলাকার ঐতিহ্যবাহী শ্রীধর পুকুর, বাগমারা মোড়ের পুকুর, ষষ্টিতলাপাড়ার ফায়ার সার্ভিস মোড়, বাঁশপট্টি, চার খাম্বার মোড়, বেজপাড়া কবরস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ঐতিহ্যবাহী পুকুরগুলো ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এটিও শহরের জলাবদ্ধতার একটি বড় কারণ।

পুকুর ভরাটের ব্যাপারে জানতে চাইলে মেয়র জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ৫০টির বেশি পুকুর ১০ বছরে ভরাট হয়েছে সত্য। শহরের খড়কি, ষষ্টিতলা, শংকরপুর, বেজপাড়াসহ গুরুত্বপূর্ণ এসব এলাকার জমি অতি মূল্যবান। যে কারণে পুকুর ভরাটের বিরুদ্ধে আইন থাকলেও তা অনেক ক্ষেত্রে কার্যকর করা যায়নি। আর যাতে শহরের কোনো পুকুর ভরাট করা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।