কোথাও জিনিসপত্রের অতিরিক্ত মূল্য নিলে ব্যবস্থা নিন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য দিচ্ছেন। আজ জেলার জারা কনভেনশন সেন্টারে
ছবি: প্রথম আলো

কোথাও জিনিসপত্রের অতিরিক্ত মূল্য নেওয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ মন্তব্য করেন। সৈকতের পর্যটন মোটেল উপলের মাঠে জারা কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল পৃথিবীর সব মিথ্যাচারকে ছাড়িয়ে ইতিহাসে রেকর্ড গড়েছেন।’ যাঁর ভেতরে কোনো মানবতা নেই, তিনি কীভাবে মানবতার মা হন—প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘বিএনপির আমলে ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যাসহ নানাভাবে নির্যাতন চালিয়েছেন খালেদা জিয়া। তাই তিনি (খালেদা) মানবতার মা হতে পারেন না।’

তৃণমূল সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। তিনি বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরাই বেশি গুরুত্বপূর্ণ। অনেক তৃণমূল নেতা-কর্মী খেয়ে না খেয়ে দলকে টিকিয়ে রেখেছেন। তাঁরা দলকে আঁকড়ে ধরে আছেন বলেই আওয়ামী লীগ এখনো ক্ষমতায়।’

সভায় অন্যান্যের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার, জাফর আলম, আশেক উল্লাহ, শাহিন আক্তার, কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।