কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা কারাগারে গুরুতর অনিয়মের অভিযোগে কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মাহাবুবুল আলম ও কারাধ্যক্ষ (জেলার) জয়নাল আবেদিনকে গতকাল বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আরিফুজ্জামানকে জেলা কারাগার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। 
জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের নেতৃত্বে পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ও জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূইয়া গত মঙ্গলবার বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা কারাগার পরিদর্শন করেন। সে সময় কারাগারে কয়েকজন আসামির ‘রাজকীয়’ বসবাস, বৈআইনিভাবে নগদ টাকা বহন, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও মুঠোফোন ব্যবহারের প্রমাণ পান তাঁরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক এসব অনিয়মের অভিযোগ তুলে ধরে কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাতেই স্বরাষ্ট্রসচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও কারা মহাপরিদর্শকের কাছে পৃথক চিঠি লেখেন। সেই চিঠির জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুই কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন কারা মহাপরিদর্শক। গতকাল সকালে সেই আদেশের একটি অনুলিপি জেলা প্রশাসকের হাতে পৌঁছায়।
এ ছাড়া অনিয়ম তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম নাজিম উদ্দিনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার বেগম উম্মে কুলসুম, সহকারী পুলিশ সুপার শৈকত শাহীন ও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয়নাল আবেদিন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এসব ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, জেলা কারাগারের ভেতরে বিভিন্ন অনিয়ম সম্পর্কে ছয় মাস ধরে তাঁর কাছে অনেক অভিযোগ এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তিনি মঙ্গলবার কারাগার পরিদর্শনে যান। তবে এদিন তিনি নিয়মিত পরিদর্শনে যেভাবে যান, তার উল্টো দিক থেকে পরিদর্শন শুরু করেন। ফলে অনেক অন্যায়ের হাতেনাতে প্রমাণ পান।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম নাজিম উদ্দিন জানান, জেলা প্রশাসক কারাগার পরিদর্শনের সময় দেখতে পান, কারাগারের হাসপাতালে সুস্থ হাজতি ও কয়েদিরা নিজস্ব ব্যবস্থাপনায় শয্যা তৈরি করে নিয়েছেন। অনেকে ব্যবহার করছেন মুঠোফোন। এ সময় হাজতি আবুল কাশেম জিহাদী, সৈয়দ নুরুল আমিন, সুমন মজুমদার, মাইনুর রহমান ও কফিল উদ্দিনের কাছ থেকে মুঠোফোন, নগদ ৩৫ হাজার টাকা এবং বিভিন্ন সিরিঞ্জ উদ্ধার করা হয়।
অভিযোগ পাওয়া গেছে, কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষের সহায়তায় চিহ্নিত সন্ত্রাসীরা কারাগারে বসেই মুঠোফোনে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত। এ ছাড়া টাকার জন্য হাজতি ও কয়েদিদের সঙ্গে দুর্ব্যবহার এবং নিম্নমানের খাবার পরিবেশন তো আছেই। এসবের প্রতিবাদ করলে কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষের সহযোগিতায় হাজতিদের প্রধান কারারক্ষী (জমাদার) আবু তাহেরের কক্ষে নিয়ে নির্যাতন করা হয়। এই নির্যাতনের অভিযোগে গত ৩১ আগস্ট আদালতে হাজিরা দিতে এসে সুমন নামের এক হাজতি কারা তত্ত্বাবধায়ক, কারাধ্যক্ষ, জমাদার ও আরপিও মো. কাউছারের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন।
এস এম নাজিম উদ্দিন জানান, তাঁদের তদন্তের কাজ শুরু হয়েছে। এই তদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।