কারাগার থেকে মুক্ত দুই নারীসহ ৬ অসহায় ব্যক্তি পেলেন সহায়তা
এক বছর বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার পর মুক্ত বাতাস পেলেও আয়ের পথ খুঁজে পাচ্ছিলেন না জেসমিন আক্তার (৩৫)। তাঁর স্বামী মো. আলী রানা করোনা পরিস্থিতি ও স্ত্রীর মামলা চালাতে গিয়ে পুঁজি হারিয়ে পথে বসে যান। দুই সন্তানের লেখাপড়া আর সংসার চালাতে মানবেতর জীবন যাপন করতে হয়েছে রানা-জেসমিন দম্পতিকে।
অবশেষে সেই জেসমিনের মুখে হাসি ফোটালেন বরিশালের জেলা প্রশাসক। তিনি জেসমিনের হাতে তুলে দিয়েছেন সেলাই মেশিন। জেসমিন হাতের কাজ জানেন। এই সেলাই মেশিন দিয়ে সংসারে সুদিন ফেরানোর আশা তাঁর। জেসমিনের ভাষ্য, ২০১৯ সালে দুই লাখ টাকার একটি চেক জালিয়াতি মামলায় কারাগারে যেতে হয় তাঁকে। দুই সন্তানকে বাবার কাছে রেখে কারাভোগ করেন তিনি। জেসমিন বলেন, ‘বরিশাল সমাজসেবা অফিসের মাধ্যমে বরিশালের জেলা প্রশাসক আজ আমাদের একটি আয়ের উৎস করে দিয়েছেন। আমি আবার ঘুরে দাঁড়াতে চাই। স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে নতুনভাবে জীবন গড়তে চাই।’
জেসমিন বরিশাল নগরের আলেকান্দা কাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর মতো কারাগারফেরত নুর নাহারকেও (৪০) জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। নুর নাহার বরিশালের কাশীপুর এলাকার মালেক চাপরাসির স্ত্রী। জায়ের সঙ্গে মারামারির মামলায় তিনি জেল খেটেছেন। সেলাই মেশিন পেয়ে মহা খুশি তিনি।
সোমবার বেলা দেড়টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেসমিন, নুর নাহারসহ ছয় অসহায় ও দুস্থ নারী-পরুষকে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজন পেয়েছেন সেলাই মেশিন ও দুজন পেয়েছেন আর্থিক সহায়তা।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, এগুলো প্রধানমন্ত্রীর উপহার। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে। একটি মেশিন দিয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ১০টি মেশিন তৈরি করতে হবে। এ সময় অন্যদের মধ্যে বরিশাল সমাজসেবা কর্মকর্তা আল মামুন, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।