কারাগারে থাকা বাবা-ছেলেসহ একই পরিবারের চার সদস্যের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

আবদুল কুদ্দুস ফকির বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বর্তমানে একটি হত্যা মামলায় তিনি ও তাঁর ছেলে কারাগারে। এরই মধ্যে ঘোষণা হয়েছে ইউপি নির্বাচনের তফসিল। কারাবন্দী আবদুল কুদ্দুস ফকির, তাঁর ছেলে; বাইরে থাকা স্ত্রী, কন্যাসহ একই পরিবারের চারজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে। এ নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর ধারণা, কোনোভাবে যদি বাবা কিংবা ছেলে অথবা দুজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, সে ক্ষেত্রে পরিবারের অন্তত একজন সদস্য যেন টিকে থাকেন নির্বাচনী মাঠে। এই কৌশল থেকে তাঁরা একই পরিবারের চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দ্বিতীয় ধাপে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। ১৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রামনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবদুল কুদ্দুস ফকির ও কাইমুদ্দীন মণ্ডল।

স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে রামনগর ইউনিয়নের ব্যবসায়ী মো. শাহজাহানকে (৪৫) ডেকে হত্যা করা হয়। পরে তাঁর লাশ জমিতে ফেলে রেখা হয়। এ ঘটনায় নিহত শাহজাহানের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চলতি বছরের ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মো. এমদাদুল রামনগর ইউপির বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ফকির, তাঁর ছেলে জাকির ফকিরসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। ২৪ আগস্ট ওই মামলায় হাজিরা দিতে গেলে আবদুল কুদ্দুস ফকির, তাঁর ছেলে জাকির ফকিরসহ আটজনকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একই পরিবারের চার সদস্যের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে আবদুল কুদ্দুসের মেয়ে কুইন আক্তার বলেন, ‘পারিবারিক বিরোধ কিংবা পারস্পরিক সুসম্পর্ক না থাকার জন্য আমার বাবা, মা, ভাই, বোন মনোনয়নপত্র দাখিল করিনি। তবে একটা কারণ তো অবশ্যই আছে। ২১ অক্টোবর মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। ওই দিনই আপনাদের কাছে অনেক কিছুই স্পষ্ট হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, পরিবারের একজন সদস্যই প্রতিদ্বন্দ্বিতা করবে।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাখ্যা দিয়ে ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাইমুদ্দীন মণ্ডল বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর সময় থেকে। উপজেলা আওয়ামী লীগের নেতাদের সমর্থন ও আশ্বাসে প্রার্থী হয়েছি। আমার মনোনয়নপত্র দাখিলের দিন উপজেলা আওয়ামী লীগের বড় বড় নেতাও সঙ্গে ছিলেন। নির্বাচনে কারচুপি না হলে আমার বিজয় অবধারিত।’