
কারিনা কাপুরের দাম ৩৫ হাজার টাকা। কারিনা কাপুরের ওজন পাঁচ কেজি। কারিনার (পোশাকটির নাম লাছা) সারা শরীরে সালমা স্টোন, জারকান পাথর বসানো। নেট, বেনারস, কাতান কাপড়সহ চারটি স্তরে তৈরি করা হয়েছে কারিনাকে।
তবে কারিনার চেয়ে পাখির কদর বেশি। পাখিকে না পেয়ে কিশোরীর আত্মহত্যা বা স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা, তালাক দেওয়ার ঘটনাও ঘটছে। সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকেও এই ঘটনাগুলোর জন্য পাখি জায়গা পেয়েছে। এই পাখি বনে বা খাঁচায় পাওয়া যায় না। এ পাখি পাওয়া যাচ্ছে বিভিন্ন মার্কেটে। এক দোকানে হয়তো পাখির দাম আট হাজার টাকা, আবার আরেক দোকানে দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা।
এবার ঈদের ক্রেজ হিসেবে ‘পাখি ড্রেস’ নিয়ে এই মাতামাতি। পাখি হচ্ছে ভারতের বাংলা চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র পাখি। সে পিউয়ের বোন। বড়দের পোশাকের আদলে ছোটদের জন্যও একই নামের পোশাক বিক্রি হচ্ছে।
নগরের বসুন্ধরা শপিং মলের মারিয়া নামের এক দোকানের বিক্রয়কর্মী সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে নাটোর থাকে। সে ফোন করে জানিয়েছে, তার খালামণি তাকে পাখি জামা কিনে দিয়েছে।’ এই বিক্রয়কর্মী জানালেন, পাখি ড্রেসটি সুতি কাপড়ে তৈরি বলে চাহিদা বেশি। পোশাকের ঘের ১৩ হাত।
পাখির পাশাপাশি ‘ফ্লোরটাচ’ নামের পোশাকটিও এবার জনপ্রিয়। এটি ফ্লোর বা মেঝে ছুঁই ছুঁই করে। তাই এ ধরনের নাম। নেটের কাপড়ে বিভিন্ন চুমকি, পাথর দিয়ে কাজ করা।
গতকাল মঙ্গলবার নগরের সোবহানবাগের প্রিন্স প্লাজা, বসুন্ধরাসহ কয়েকটি শপিং মলের দোকানিরা জানালেন, গতবারের ঈদে ক্রেজ ছিল মাসাককালি (ঘের একটু কম), ঝিলিকসহ অন্য নামের পোশাকগুলো। এবার আর এই নামের পোশাক পাওয়া যাচ্ছে না।
এবার পাখি ১, ২, ৩, জিনাম ড্রেস, পাংকুড়ি, ইশকিয়া ঘের, বীরজারা, নেহা ধুপিয়া, দীপিকা, ক্যাটরিনা, কিকসহ বিভিন্ন নামের চোখধাঁধানো, বাহারি ড্রেস ক্রেতাদের বেশি মনোযোগ আকর্ষণ করছে। এসব পোশাকের দাম ছয় হাজার টাকা থেকে শুরু করে ৭৫ হাজার টাকার মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্রয়কর্মী প্রথম আলোকে বলেন, ‘৭৫ হাজার টাকার দুটি কারিনা কাপুর লাছা বিক্রি হয়ে গেছে। অনেকেই ঈদের পরে বিয়ের অনুষ্ঠানে পরার জন্যও এ ধরনের দামি পোশাক কিনছেন।’
কৌতূহলবশত জানতে চাইলাম, বাংলাদেশের নাটক বা সিনেমার নায়িকার নামে পোশাক পাওয়া যায় না? বিভিন্ন দোকানের বিক্রয়কর্মীরা জানালেন, বাংলাদেশের মানুষ দেশের টিভি চ্যানেলের চেয়ে ভারতের চ্যানেল বেশি দেখে। ফলে সেই দেশের নায়িকারা বেশি জনপ্রিয়।
আসলে পোশাকের নাম কী: সোবহানবাগের প্রিন্স প্লাজার মনে রেখ শাড়ীজ-এর বিক্রয়কর্মী ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের বাজারে মেয়েদের পোশাকের ক্ষেত্রে ভারতের আনারকলি, লেহেঙ্গাসহ অন্য পোশাকগুলো প্রাধান্য পায়। তবে এসব পোশাকের আলাদা করে নাম থাকে না।
বসুন্ধরা মার্কেটেরও একাধিক বিক্রয়কর্মী, যাঁরা প্রথমে বিভিন্ন নামের পোশাকগুলো প্রতিবেদককে দেখিয়েছিলেন, তাঁরাই স্বীকার করলেন, ভারত থেকে যখন পোশাকগুলো আনা হয়, তখন সেগুলোতে নাম থাকে না। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ভারতের জনপ্রিয় সিরিয়ালের নায়িকার নাম দিয়ে তা বিক্রি করা হয়। একটু আগে যে পোশাকের নাম দেওয়া হয়েছিল কারিনা কাপুর, তাই পরে হয়ে যায় বীরজারা। ক্রেতা যা চান, সেই অনুযায়ীই অনেক সময় নামকরণ করা হয়। তবে ঈদবাজারে বেশির ভাগ ক্রেতাই নামের চেয়ে দাম এবং পোশাকটি পছন্দ হচ্ছে কি না, সেদিকে নজর দেন।