কার্ড থাকার পরও চাল পাচ্ছেন না ৫ হতদরিদ্র
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল ক্রয়ের কার্ড থাকলেও চাল ক্রয় করতে পারেননি পাঁচজন হতদরিদ্র নারী-পুরুষ। তাঁদের অভিযোগ ডিলারের অসহযোগিতার কারণে তাঁরা চাল পাচ্ছেন না।
ডিলারের দোকানটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের মনপাশা বাজারে অবস্থিত। ডিলারের নাম মো. খুররম।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে ডিলার খুররমের মুঠোফোনে আজ মঙ্গলবার সন্ধ্যায় একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ডিলারের তদারক কর্মকর্তা এলাকার স্বাস্থ্য সহকারী মাইজ উদ্দিন বলেন, গতকাল সোমবার ডিলার দোকান খুললেও ওই পাঁচ ক্রেতা চাল কিনতে আসেননি।
কার্ডধারী এই পাঁচজনের অভিযোগ, তাঁরা ১৩ এপ্রিল ডিলারের দোকানে যান। কার্ড দেখালেও ডিলার তাঁদের চাল দেননি। উল্টো বলে দেন, তাঁদের চাল বিক্রি হয়ে গেছে। তাঁরা প্রতিবাদ করেও লাভ হয়নি।
জানা যায়, উপজেলার সর্বশেষ ইউনিয়ন হচ্ছে ১২ নম্বর জাহাঙ্গীপুর ইউনিয়ন। ওই ইউনিয়নের প্রত্যন্ত একটি এলাকায় বাজার মনাপাশাতে ডিলার খুররম মিয়ার দোকানটি। তিনি ২৫১ জন কার্ডধারীর বরাদ্দ বিক্রি করেন। তাঁদের মধ্যে শানুজিয়াল গ্রামের মো. জালাল উদ্দিনের স্ত্রী মোছা. নুরজাহান বেগম (কার্ড নম্বর ২৪২৪) গত ৩০ মার্চ কার্ড দেখিয়ে ডিলারের দোকান থেকে ৩০ কেজি চাল ক্রয় করেছেন। কিন্তু এপ্রিল মাসের বরাদ্দ কিনতে এলে দেননি ডিলার।
একই গ্রামের সফির উদ্দিনের ছেলে লিটন মিয়ার কার্ড নম্বর ২৫২৬। তিনি গত মাসের বরাদ্দ গত ২৪ মার্চ ক্রয় করেন। কিন্তু এপ্রিল মাসের বরাদ্দ কিনতে গেলে ডিলার তাঁকে চাল বিক্রি হয়ে গেছে বলে বিদায় করেন। লিয়াকত আলী ফকিরের ছেলে সবজে আলী ফকিরের কার্ড নম্বর ২৫২৫। তাঁকেও চাল দেননি ডিলার। ২৫২৯ নম্বর কার্ড ধারী কিসমত বনগ্রামের বাসিন্দা হারুন মিয়া ও ২৫৩০ নম্বর কার্ডধারী শানুজিয়াল গ্রামের লিটন মিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। তাঁরা ১৪ এপ্রিল ঘটনাটি সাংবাদিকদের জানিয়ে প্রতিকার চান।
গতকাল ডিলার খুররম দোকান খুললেও ওই পাঁচ ব্যক্তিকে চাল নিতে খবর দেওয়া হয়নি। তদারকি কর্মকর্তা মাইজ উদ্দিন বলেছেন, কার্ডধারীরা দোকানে এলে একটা ব্যবস্থা করা যেত। তাঁরা না আসায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি।