কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

উপজেলার গোলখালী ইউপির সদস্য আফছার উদ্দিনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

  • গোলখালী ইউনিয়নে কালীরচর গ্রামে ৩৫৪ জনের নামে ফেয়ার প্রাইস কার্ড রয়েছে।

  • প্রত্যেক সুবিধাভোগী বছরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল পান। প্রতি কেজির দাম ১০ টাকা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে হতদরিদ্রদের ১০ টাকা কেজি চালের ‘ফেয়ার প্রাইস কার্ড’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হচ্ছে। ওই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আফছার উদ্দিনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল শুক্রবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইউনিয়নবাসীর পক্ষে মো. শহিদুল্লাহ নামের এক ব্যক্তি লিখিত অভিযোগটি দিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা গ্রামের খেটে খাওয়া মানুষ। ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আফছার উদ্দিন খাদ্যবান্ধব কর্মসূচির ‘ফেয়ার প্রাইস কার্ড’ করে দেওয়ার নামে টাকা দাবি করছেন। তিনি প্রতিটি কার্ডের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা দাবি করছেন। এ অবস্থায় তাঁর মতো অনেক দরিদ্র মানুষ অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয় কয়েকজন বলেন, কালীরচর গ্রামে ৩৫৪ জনের নামে ফেয়ার প্রাইস কার্ড রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে বছরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল দেওয়া হয়। প্রতি কেজির দাম ১০ টাকা। চলতি মাসে চাল দেওয়ার সময় ইউপি সদস্য আফছার উদ্দিন সুবিধাভোগী ব্যক্তিদের বলেন, প্রত্যেকের কার্ড নবায়ন করতে হবে। এ জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় শুরু করেন।

কালীরচর গ্রামের সুবিধাভোগী জলিল মোল্লা, হেলাল মোল্লা ও হেমেলা বেগম অভিযোগ করেন, আফছারউদ্দিন তাঁদের নতুন কার্ড দেওয়ার কথা বলে এক হাজার টাকা দাবি করেছেন। অনেকের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন। এলাকার অসহায় দরিদ্র মানুষ যেন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তাঁরা।

এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আফছার উদ্দিন বলেন, ‘আমি কোনো টাকা চাইনি বা কারও কাছ থেকে টাকা নিইনি। ইউপি নির্বাচনে হেরে গিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতেই প্রতিপক্ষ লোকজন দিয়ে এমন অভিযোগ করছে।’