পিরোজপুরের টোনা খাল
কার্যাদেশের নয় মাস পরও সেতুর কাজ শুরু হয়নি
কয়েক বছর পর সেতুটি বালুবাহী কার্গোর ধাক্কায় নড়বড়ে হয়ে পড়ে। ২০১৭ সালে সেতুটি ভেঙে পড়ে।
পিরোজপুর সদর উপজেলায় একটি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়ার পর নয় মাস পার হয়ে গেলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলার টোনা খালের ঋষিবাড়ি এলাকার ওই স্থানে এর আগে একটি লোহার তৈরি সেতু ছিল। সাড়ে তিন বছর আগে সেতুটি ভেঙে খালে বিলীন হয়ে যায়। এর পর থেকে স্থানীয় তিনটি গ্রামের মানুষ ও কয়েক শ শিক্ষার্থী নৌকায় পারাপার হয়ে আসছে। নতুন সেতুটি নির্মাণে বিলম্ব হওয়ায় বিদ্যালয়-কলেজে যাওয়া-আসা এবং হাটবাজারে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এক দশক আগে টোনা খালের ঋষিবাড়ি এলাকায় ৫১ মিটার দৈর্ঘ্যের লোহার সেতুটি নির্মাণ করা হয়। কয়েক বছর পর সেতুটি বালুবাহী কার্গোর ধাক্কায় নড়বড়ে হয়ে পড়ে। ২০১৭ সালের শেষ দিকে সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। ২০২১ সালের ২৩ জুলাই এলজিইডি ৫ কোটি টাকা ব্যয়ে টোনা খালে গার্ডার সেতু নির্মাণের জন্য মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে কার্যাদেশ দেয়। কার্যাদেশ অনুযায়ী এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খালের দুই পাড়ের মানুষ ও শিক্ষার্থীরা ভেঙে যাওয়া সেতু এলাকায় ডিঙি নৌকায় করে পারাপার হচ্ছে। টোনা খালের পশ্চিম প্রান্তে উত্তর–পূর্ব টোনা গ্রাম। পূর্ব প্রান্তে দাউদপুর বাজার। উত্তর–পূর্ব টোনা গ্রামের সালেহ খান বলেন, তাঁদের গ্রামসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ খেয়ায় খাল পার হয়ে দাউদপুর বাজারে যাতায়াত করে। অপর দিকে কলাখালী ও দাউদপুর গ্রামের বাসিন্দাদের উত্তর–পূর্ব টোনা গ্রামে জমিজমা রয়েছে। এসব জমির মালিকেরা খেয়া পার হয়ে ফসলের খেতে যাওয়া–আসা করেন।
নৌকার মাঝি দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে ৫০০–৬০০ মানুষ খেয়ায় পারাপার হয়।
উপজেলা প্রকৌশলী হরষিত সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, যথাসময়ে কাজ শুরু না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তারা কার্যাদেশের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করেছে। কাজটি ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে বাস্তবায়ন করবেন ঠিকাদার নূর ই আলম ও পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ হোসেন।
নূর ই আলম স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই। নূর ই আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘কাজটি আমি বাস্তবায়ন করছি না।’
গতকাল সোমবার বায়েজিদ হোসেনের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি।