কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মাদারীপুরের কালকিনি উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে মো. ফালান ব্যাপারী (৬৫) নামের এক বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকায় এ ঘটনা ঘটে।
ফালান ব্যাপারী (৬৫) উপজেলার আন্ডারচর এলাকার মৃত দলিল উদ্দিন ব্যাপারীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই কামাল ব্যাপারী ও তাঁর ছেলে পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ছোট ভাই কামাল ব্যাপারী তাঁদের পৈতৃক জমির ২ শতাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় ফালান ব্যাপারীর ছেলে প্রবাসী শামিম ব্যাপারী ওই জমি তাঁর চাচার কাছ থেকে কিনে নেওয়া জন্য ১৪ হাজার টাকা বায়না দেন। টাকা নেওয়ার কিছুদিন পার হলেও জমির দলিল বুঝিয়ে দিতে গড়িমসি করছিলেন কামাল। সম্প্রতি ফালানের ছেলে শামিম তাঁর চাচা কামালের কাছে বায়না দেওয়ার টাকা ফেরত চান। পরে কামাল তাঁর ভাতিজাকে চার হাজার টাকা ফেরত দেন। বাকি ১০ হাজার টাকা ফেরত দিতে আবারও গড়িমসি শুরু করলে বড় ভাইয়ের সঙ্গে কামালের কথা–কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালে কামাল ও তাঁর ছেলের সঙ্গে ফালানের বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায় কামাল, তাঁর স্ত্রী ও ছেলে রাজীব ব্যাপারী লাঠিসোঁটা নিয়ে ফালান ব্যাপারী ও তাঁর ছেলে শামিম ব্যাপারীর ওপর হামলা করেন। এ সময় কামাল ফালানকে কাঠের একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শামিম ব্যাপারী বলেন, ‘আমার চাচা অন্য মানুষের কাছে জমি বিক্রি করে দেবে। এ চিন্তায় চাচাকে ১৪ হাজার টাকা দিয়েছিলাম। আজ সেই টাকা ফেরত দেওয়ার কথা। চাচার কাছে টাকা চাইতে গেলে তাঁর ছেলে রাজীব ঘর থেকে দা নিয়ে আসে আমাকে কুপিয়ে মারার জন্য। আর চাচা রুয়া (কাঠের লাঠি) দিয়ে পেছন থেকে আমার আব্বার মাথার ওপর বাড়ি মারে। মাত্র কয়েক হাজার টাকার জন্য চাচা আমার আব্বারে মাইরা ফালাইলো। আমি এর বিচার চাই।’
এ সম্পর্কে জানতে বাড়িতে গেলে কামাল ও তাঁর ছেলে কাউকেই পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই বাবা, ছেলেসহ পরিবারের অন্যরা পলাতক। তাঁদের প্রতিবেশী আবির হোসেন বলেন, ‘কামাল ও ফালান আপন ভাই হলেও তাঁদের মধ্যে তেমন মিল নেই। তাঁরা ভিন্ন থাকে। ভিন্ন ঘর। টাকাপয়সা নিয়ে কয়েক দিনই দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হয়েছে। আজ লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষ মারামারি করে। লাঠির আঘাতে ফালান মারা গেছেন, এ খবর এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই কামাল ও তাঁর পরিবার গ্রাম থেকে সরে পড়েন।’
জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক প্রথম আলোকে বলেন, ‘দুই আপন ভাইয়ের মধ্যে জমি বিক্রির সামান্য কিছু টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মারা গেছেন। যে মারা গেছেন, তাঁর মাথায় হালকা আঘাতের চিহ্ন আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিরা এলাকায় নেই। মারা যাওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশের একাধিক সদস্য তাঁদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’