নৌকার প্রার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী হাফিজুর রহমান। শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায়
প্রথম আলো

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাহীদ পারভেজের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমানকে হত্যাচেষ্টা ও তাঁর বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে হাফিজুর রহমান তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন, ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষ নৌকার প্রার্থী সাহীদ পারভেজের সমর্থকেরা প্রভাব বিস্তার করেই চলেছেন। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব ব্যাপারে একাধিকবার প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশও করেন তিনি।

আলীনগর ইউপির ৯টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ দাবি করে হাফিজুর রহমান বলেন, ‘এসব কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা না করা হলে ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে না। এ ছাড়া উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ কর্মকর্তারাও আওয়ামী লীগের প্রার্থীর কাছে জিম্মি। নিরপেক্ষ নির্বাচন করতে হলে ভোটের আগে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানাই।’

হাফিজুর রহমান বলেন, ‘ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারাও আওয়ামী লীগের প্রার্থীর কাছে জিম্মি। নিরপেক্ষ নির্বাচন করতে হলে ভোটের আগে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানাই।’

চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘গত ২৮ অক্টোবর রাতে আওয়ামী লীগের প্রার্থী সাহীদ পারভেজের নির্দেশে আমার বাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় আমার ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি, ১০টি মোটরসাইকেল ভেঙে চুরমার করা হয়। এতে ৮ নেতা-কর্মী আহত হন। এ ঘটনার বিচার চেয়ে আমি থানায় পর্যন্ত যেতে পারিনি। আমি বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছি। প্রচারণায় বের হতেও পারছি না। বের হলেই হামলা হচ্ছে। আমি অবরুদ্ধ থাকা অবস্থাতেই আমার ভাইকে দিয়ে মামলা করতে থানায় পাঠাই। কিন্তু থানার সামনে নৌকার লোকজন আমার ভাইকে বাধা দেন। পরবর্তী সময়ে আমি আদালতে মামলা করি। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। আমার মনে হয়, থানা নৌকা প্রার্থীর কাচারিঘরে রূপান্তরিত হয়েছে।’

প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান বলেন, ‘নৌকার প্রার্থী সাহীদ কিছুদিন আগে ভেজাল ওষুধ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হন। তাঁর বিরুদ্ধে এই বিষয়ে একটি মামলা চলমান। মামলা চলমান অবস্থায় তিনি কীভাবে নির্বাচন করেন? এ ছাড়া তিনি আমার বাড়িতে হামলার ঘটনাকে মিথ্যা প্রমাণিত করতে তাঁর লোকজন নিজেরাই এলাকার একটি মুক্তিযোদ্ধা সংসদের ঘর ভাঙচুর করে আমার বিরুদ্ধে মামলা করার পাঁয়তারা চালাচ্ছেন। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে নৌকার প্রার্থী সাহীদ পারভেজ বলেন, স্বতন্ত্র প্রার্থী নিশ্চিত পরাজয় জেনেই নানা অভিযোগ তুলছেন। তাঁর সঙ্গে কোনো জনগণ নেই। তিনি জনসমর্থনশূন্য একজন মানুষ। তাই তিনি নিজেই ঘরবন্দী থেকে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। তাঁর আগাগোড়া সবই মিথ্যা। তাঁর সত্যের কোনো রাজনীতি নেই।