কালকিনিতে ভ্যান উল্টে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুরে ব্যাটারিচালিত ভ্যান উল্টে গতকাল বুধবার রাত ৯টার দিকে দুই বন্ধু স্কুলছাত্র রিফাত হোসেন (১২) ও রমজান মিয়া (১২) নিহত হয়। এ সময় আহত হয় তাদের আরেক বন্ধু ভ্যানচালক ইব্রাহীম।
রিফাত ভবানীপুর এলাকার মনজু খানের ছেলে। রমজান সিডিখান এলাকার জামাল কবিরাজের ছেলে। আহত ইব্রাহীম হোসেন (১১) ভবানীপুর এলাকার বেলাল শিকদারের ছেলে। আহত ও নিহত শিশুরা সবাই কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, কালকিনির মিয়ারহাট থেকে বন্ধু ইব্রাহীমের ব্যাটারিচালিত একটি ভ্যানে বন্ধু রিফাত, রমজান ঘুরতে বের হয়। ভবানীপুর এলাকায় এলে সামনে একটি কুকুর ভ্যানের চাকার নিচে ঢুকে পড়ে। এতে ভ্যানটি উল্টে আহত হয় তিনবন্ধু। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রিফাত ও রমজানকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইশতিয়াক আশফাক বলেন, ভ্যানের চালক অপ্রাপ্তবয়স্ক ছিল। চালকের অসাবধানতায় ভ্যানটি সড়কে উল্টে পড়লে তিনজনের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রচণ্ড রক্তক্ষরণে রিফাত ও রমজান হাসপাতালে নেওয়ার পরই মারা যায়।