কালকিনিতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে আমগাছ থেকে আসাদুল রাঢ়ি (২২) নামের এক রাজমিস্ত্রির দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চরফতেবাহাদুর এলাকায় আসাদুলের নানার বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়। আসাদুল উপজেলার কাঁচিকাটা এলাকার খবির রাঢ়ির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে আসাদুলের সঙ্গে একই উপজেলার ডিমচর গ্রামের রিপন গোমস্তার মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শারমিন বাবার বাড়ি চলে গেলে আসাদুল কাজের সন্ধানে রাজধানী ঢাকায় চলে যান।
বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন পরিবারের লোকজন। পরে বুধবার এ নিয়ে মিয়ারহাট বাজারে সালিসের আয়োজন করেন মাতবরেরা। কিন্তু এর আগেই চরফতেবাহাদুর এলাকার নানার বাড়ির উঠানের আমগাছে আসাদুলের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন স্বজনেরা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক প্রথম আলোকে বলেন, স্ত্রীর সঙ্গে আসাদুলের ঝামেলা ছিল। আসাদুল চেয়েছিলেন তাঁর স্ত্রীকে নিয়ে থাকতে। কিন্তু তাঁর স্ত্রী আসাদুলের সঙ্গে থাকতে চাননি। এ নিয়ে স্থানীয় লোকজন একাধিকবার সালিস করেন। তবে পরিবারের লোকজন পুলিশের কাছে অভিযোগ করেছেন, সালিসের কথা বলে ঢাকা থেকে ডেকে আনা হয় আসাদুলকে। তাঁরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।