কালবৈশাখীতে গাছ পড়ল রেলপথে, সিলেট পথে বন্ধ ছিল ট্রেন চলাচল
কালবৈশাখীতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলপথের কয়েকটি স্থানে গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে গাছ পড়ে। এ কারণে গতকাল দিবাগত রাত ১টা ১০ মিনিট থেকে আজ রোববার ভোররাত ৪টা ১০ মিনিট পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা রাতে এসে রেলপথে পড়ে থাকা গাছ কেটে কেটে সরানোর পর ভোররাত রাত ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ের স্টেশনমাস্টার কবির আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে কালবৈশাখী হয়েছে। ঝড়ে লাউয়াছড়ায় রেলপথে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। রাতেই গাছ কেটে সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।