কালভার্ট দেবে ভারী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের গাভিশিমুল এলাকায় একটি কালভার্ট গত সোমবার দেবে গেছে। এতে ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে ছোট ও মাঝারি যান চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। এ অবস্থায় তাঁরা দ্রুত এটি সংস্কার করার দাবি জানিয়েছে।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কটি ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার সঙ্গে নেত্রকোনা জেলাকে সংযুক্ত করেছে। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ইজিবাইকসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। এর ওপর দিয়ে মাঝেমধ্যে মালবাহী ট্রাকও চলাচল করে। গত সোমবার ভোরে ওই সড়কের গাভিশিমুল এলাকার কালভার্ট হঠাৎ করেই দেবে যায়। এরপর থেকে ওই সড়কে শুধু ইজিবাইক ও রিকশার মতো হালকা যানবাহন চলাচল করছে। এতে বেশ দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
গৌরীপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আহসান উল্লাহ বলেন, কালভার্টটি দেবে যাওয়ায় গত সোমবার থেকে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, দুর্ঘটনা এড়াতে যানবাহন চালক ও পথচারীদের সতর্ক করতে কালভার্টের দেবে যাওয়া অংশে বাঁশের খুঁটি পুঁতে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রামবাসী হালকা যানবাহনের চালকদের সতর্ক করছে।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, ‘কালভার্ট দেবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত কালভার্টটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’