কালাইয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওই মামলায় গ্রেপ্তার যুবকের নাম জাহিদুল ইসলাম (৩৩)। তাঁর বাড়ি কালাই উপজেলায়। একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক। আজ সকালে ওই দুই আসামিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ মার্চ ওই কিশোরী তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ সময় কৌশলে কিশোরীকে ডেকে নিয়ে জাহিদুল এবং ওই কিশোর একটি চাতালে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে কিশোরীর মা বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।
জানতে চাইলে কালাই থানার ওসি সেলিম মালিক প্রথম আলোকে বলেন, এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।