কালাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ.লীগের এক ইউপি চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আবদুল কুদ্দুস ফকির বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এই ইউপিতে তিনি ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আজ বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস ফকিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

এর আগেও মো. আবদুল কুদ্দুস ফকির দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তিনি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের চাচা।
দলীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে কালাই উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুনট ইউনিয়নে আবদুল কুদ্দুস ফকির ছাড়া অন্য কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাননি। পুনট ইউনিয়নে কোনো প্রার্থী না থাকায় দলীয় মনোনয়নের জন্য এককভাবে তাঁর নাম পাঠানো হয়। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পুনট ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুল কুদ্দুস ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। এই দিন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পুনট ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আবদুল কুদ্দুস ফকির বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।