কালিহাতীতে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটোরিকশাচালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীরবাসিন্দা গ্রামের রীনা (৩০)।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলা সদরের আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোর চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন চারজন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, পিকআপের চালক পলাতক। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।