কালিয়াকৈরে টিকা দিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুনতে হলো ১০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষার্থীদের বিনা মূল্যের করোনার টিকা দেওয়ার পর জনপ্রতি ১০০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ টাকা আদায়ের পক্ষে যুক্তি দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, করোনার টিকা আনা, দেওয়া এবং স্বাস্থ্যকর্মীদের যাতায়াত ও খাওয়াদাওয়ার খরচ মেটাতে বিদ্যালয়গুলো থেকে এ টাকা নিয়েছেন তিনি। তবে টিকা দিয়ে টাকা আদায়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন।

শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা সুরক্ষায় সারা দেশের মতো কালিয়াকৈর উপজেলাতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। বুধবার দিনব্যাপী উপজেলার ভাষাশহীদ আবদুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। এ জন্য সব কটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০০ থেকে ১২০ টাকা করে আদায় করছে। সেই টাকা তাঁরা জমা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে। কিন্ডারগার্টেনগুলো থেকে বেশি পরিমাণে টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার শিক্ষকেরা। বিনা মূল্যের টিকা টাকার বিনিময়ে নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।
উপজেলার রশিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারেক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থী টিকা দিয়েছে। তিনি অসুস্থ থাকায় সহকারী শিক্ষক মো. সোলাইমান শিক্ষার্থীদের টিকা বাবদ ১৯ হাজার ৮০০ টাকা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছেন।

বিষয়টি স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘টিকা আনা, দেওয়া এবং স্বাস্থ্যকর্মীদের যাতায়াত, খাওয়াদাওয়াসহ সব মিলিয়ে একটা খরচ আছে। তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে স্কুলের ফান্ড থেকে টাকা দিতে বলা হয়েছে। তবে টিকা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা নয়।’

তবে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা নিয়েছে জানালে জাকির হোসেন মোল্লা বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়েছি। বেশির ভাগ স্কুলই নিজেদের বাণিজ্যের কথা ভেবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলেছে। আমরা তো কর্মকর্তা, নার্স ও সংশ্লিষ্টদের বিভিন্ন খরচের জন্য চেয়েছি।’

বিনা মূল্যের টিকার বিনিময়ে এভাবে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও টাকা তোলার নিয়ম আছে কি না, জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, ‘নিয়ম তো অনেক কিছুরই নাই। নিয়মের বাইরেও তো কিছু করা লাগে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল বেলাল বলেন, টাকা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। টিকা দেওয়ার এত চাপের মধ্যে এসব ‘খবর নেওয়ার সময়ও’ তাঁর নেই।

জেলা সিভিল সার্জন খাইরুজ্জামান বলেন, টিকা বাবদ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ টাকা নিয়ে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।