কালিয়াকৈরে ডিবি পরিচয়ে এইচএসসি পরীক্ষার্থী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা দীঘিরপাড় এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপহৃত সামিউল ইসলাম চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র। সে এই বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

সামিউলের পরিবার জানায়, গত বুধবার রাতে সামিউল তাদের চান্দরা দীঘিরপাড় এলাকার বাড়িতে ঘুমাচ্ছিল। রাত তিনটার দিকে সাত-আটজন ব্যক্তি তাদের বাড়িতে হাজির হন। এ সময় ওই ব্যক্তিরা নিজেদের ডিবির লোক বলে পরিচয় দেন। পরে তাঁরা সামিউলকে হাতকড়া পরিয়ে বাসা থেকে ধরে নিয়ে যান।

ডিবির গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ওই শিক্ষার্থীর পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তাঁরা ওই নামের কোনো ব্যক্তিকে আটক করেননি।

কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন।