কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় কারখানার নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এতে সেখানে কর্মরত ১০ জন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেল সোয়া চারটার দিকে ওই ঘটনা ঘটে।
বোর্ডঘর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় স্কানডিস্ক টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার নতুন ভবনের কাজ চলছে। রোববার সকাল থেকে ভবনের তৃতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয়। ছাদের ঢালাইয়ের সময় সাটারিংয়ে পর্যাপ্ত বাঁশের খুঁটি ব্যবহার না করায় বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ২৫ থেকে ৩০ জন শ্রমিক ধসে পড়া ছাদের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে আশপাশের লোকজন এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ নির্মাণশ্রমিককে উদ্ধার করেন। আহত শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্কানডিস্ক টেক্সটাইল লিমিটেডের ফায়ার সার্ভিসের কর্মী রুহুল আমিন বলেন, ঢালাইয়ের সময় বাঁশের খুঁটি কম দেওয়ার কারণে হঠাৎ বিকট শব্দে নির্মাণাধীন ছাদ ধসে পড়ে। ওই নির্মাণাধীন ছাদের নিচে অনেক নির্মাণশ্রমিক চাপা পড়েন। সবাইকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করা হলেও ভবনের উচ্চতা ছিল চারতলার সমান। সেখানে প্রয়োজনীয়সংখ্যক বাঁশের খুঁটি ব্যবহার না করায় ছাদ ধসে পড়েছে। উদ্ধারকাজ চলমান।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ছাদ ঢালাইয়ের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল কি না, তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তবে তাদের কাজে গাফিলতি ছিল।