কালিয়াকৈরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার একটি পুকুর থেকে আজ মঙ্গলবার দুপুরে বাক্‌প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই যুবকের নাম নাসির দেওয়ান (৩৫)। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার জরু দেওয়ানের ছেলে। নাসির স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন।

পরিবার ও পুলিশ জানায়, নাসির দেওয়ান উপজেলার সাহেববাজার এলাকায় তাপস মিষ্টান্ন ভান্ডারে চাকরি করতেন। গত সোমবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি চলে যান। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় জননী মৎস্য খামারের একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা এসে নাসিরের লাশটি শনাক্ত করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক ধরে হেঁটে বাড়ি যাওয়ার সময় কোনো বাসের ধাক্কায় পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।