কালিয়াকৈরে ব্যাংকের এসি বিস্ফোরণে দগ্ধ ২, জখম ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের মৌচাক শাখা এসি মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ব্যাংকে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দুজন দগ্ধ ও দুজনের জখম হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার মৌচাক বাজারের ইউনিয়ন ব্যাংকের শাখায় এসি মেরামতের সময় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন এসির মিস্ত্রি জাকারিয়া চৌধুরী (২৩) ও আমিনুল ইসলাম (৩৫)। আর জখম হয়েছেন ব্যাংক কর্মকর্তা শরিফ উদ্দিন ওরফে তাহসিন (৩০), গিয়াস উদ্দিন (৪৫)। তাঁদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল ও ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে মা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় বেশ কিছুদিন ধরে কয়েকটি এসি কাজ করছিল না। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুজন মিস্ত্রি সেই এসি মেরামত করতে যান। তাঁদের সহযোগিতা করছিলেন ব্যাংকের দুজন কর্মকর্তা। তৃতীয় তলায় এসি আউটডোরে কাজ করতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দুজন দগ্ধসহ চারজন আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল ও ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের পরে ঘটনাস্থলে কাচের টুকরো পড়ে থাকতে দেখা গেছে। বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, এসি বিস্ফোরণে তাঁদের ডাটা সেন্টারটি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণে এসির মিস্ত্রিরা দগ্ধ হন এবং ব্যাংকের দুই কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। এসির বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তবে শরীরের কত শতাংশ পুড়ে গেছে, সেটা জানা যায়নি। এ ছাড়া ব্যাংকের দুজন কর্মকর্তা জখম হয়েছেন।