কালিয়াকৈরে হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার
হাত-পা বাঁধা, ডান পায়ের গোড়ালি কাটা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক তরুণীর লাশ বস্তাবন্দী করে ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ২৪-২৬ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ আঞ্চলিক সড়কের পাশের এটি ডোবায় রোববার সকালে একটি বস্তা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ বস্তাটি উদ্ধার করে ভেতরে ওই তরুণীর লাশ দেখতে পায়। এ সময় পুলিশ দেখতে পায়, ওই তরুণীর হাত-পা বাঁধা, ডান পায়ের গোড়ালি কাটা, নাকে রক্ত ও গলায় ওড়না প্যাঁচানো। তাঁর পরনে ছিল কালো বোরকা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে গতকাল শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে ওই ডোবার মধ্যে ফেলে পালিয়ে গেছে। হত্যার আগে ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন কি না, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। নিহত তরুণীর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো একসময় ওই তরুণীকে ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।