কালিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি, দুর্ভোগে বাসিন্দারা
মুজিব শতবর্ষ উপলক্ষে পাকা ঘর পেয়েছিলেন নড়াইলের কালিয়ার কোহিনুর বেগম (৬৩)। ঘর পেয়ে আনন্দের সীমা ছিল না তাঁর। তবে কিছুদিনের মধ্যেই তাঁর সেই আনন্দ ফিকে হয়ে যায়। উপহারের সেই ঘরের ভেতর এখন পানি। দেড় মাস ধরে ঘরে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন তিনি।
শুধু কোহিনুর বেগমই নন, উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটঘরিয়া আশ্রয়ণ প্রকল্পের ১৮টি পরিবারের অবস্থা একই। ১৮টি পরিবারের ঘরের মধ্যেই পনি ঢুকেছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর পেয়েছিলেন ছিন্নমূল মানুষ। ‘জমি নেই, ঘর নেই’ প্রকল্পের আওতায় প্রতিটি ঘরের জন্য বরাদ্দ হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা। ইউএনওর দায়িত্বে ঘরগুলো নির্মাণ করা হয়। ঘরের জন্য স্থান নির্বাচনও করেছিলেন ইউএনও।
সরেজমিনে দেখা গেছে, আটঘরিয়ায় বিশাল এলাকাজুড়ে আছে চাঁচুড়ী বিল। বিলের এক কোণে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে। পাকা দেয়াল ও মেঝে আর ওপরে টিনের চাল। প্রতিটি ঘরের সামনেই আছে ফাঁকা বারান্দা আর পেছনে শৌচাগার ও রান্নার জায়গা। কিন্তু এখন বিলের মতো ঘরগুলোর মধ্যেও পানি থই থই করছে। শৌচাগার ও ঘরের পানি একাকার হয়ে গেছে।
মেঝেতে পানি থাকায় খাট উঁচু করে থাকছে সাতটি পরিবার। অন্য পরিবারগুলো দুর্ভোগ সইতে না পেরে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ঘরগুলোর বাইরের চত্বরও পানিতে টইটম্বুর। ঘরগুলোর একটু দূরে উঁচু এক ভিটায় গিয়ে পলিথিন টাঙিয়ে সেখানে পালাক্রমে রান্না করছেন সেখানকার নারীরা।
সেখানকার বাসিন্দা ফজিলাতুন্নেছা ও সীমা বলেন, মাস তিনেক আগে তাঁরা এখানে ওঠেন। তখন ঘরগুলোর চারপাশে পানি ছিল। দেড় মাস ধরে ঘরের মধ্যে হাঁটুপানি। চাঁচুড়ী বিলে ছয় মাস পানি থাকে। ফলে ঘরগুলোতে আরও অন্তত দুই মাস পানি থাকবে বলে আশঙ্কা করেন তাঁরা।
এ প্রসঙ্গে কালিয়ার ইউএনও আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুদিন আগে এখানে যোগ দিয়েছি। এর আগের ইউএনও প্রকল্পের ঘরগুলো নির্মাণ করেছেন। নিষ্কণ্টক খাসজমি পাওয়া কঠিন, তাই নিচু জমিতেই ঘরগুলো করতে হয়েছে।’ ঘর উঁচু করে, মাটি ও বালু ভরাট এবং চারপাশ দিয়ে দেয়াল তুলে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।