কালিয়ায় দুই ভোটে হারলেন নৌকার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগ

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শামীম আহম্মেদ মাত্র দুই ভোটে পরাজিত হয়েছেন। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা মাহাবুর রহমান। এ ইউপিতে ওই দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোল্লা মাহাবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট। নৌকা প্রতীক নিয়ে শামীম আহম্মেদ পেয়েছেন ৩ হাজার ৭৩১ ভোট। এ ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১০ হাজার ৮৪২। ভোট পড়েছে ৭ হাজার ৫৭৪। এর মধ্যে ১১০টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোট পড়েছে ৭ হাজার ৪৬৪। ভোটের শতকরা হার ৬৯ দশমিক ৮৬ ভাগ।

এ বিষয়ে জানতে চাইলে শামীম আহম্মেদ বলেন, ‘দুটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স দেরিতে এসেছে উপজেলায়। এ নিয়ে আমার সন্দেহ আছে। আমাকে দলের প্রভাবশালী মহল ষড়যন্ত্র করে হারিয়েছে। আমি ভোট পুনর্গণনার আবেদন দিচ্ছি।’
শামীম আহম্মেদ জানান, তিনি গতবার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি কালিয়া উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা মাহাবুর রহমান কালিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার জানান, কোনো প্রার্থী পুনর্গণনার আবেদন করতে চাইলে সরকারি গেজেট হওয়ার পর ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে হয়।