কালীগঙ্গার ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে কালীগঙ্গা নদীর ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে কালীগঙ্গা নদীর ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাছ বারইল গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় লোকজন বলেন, গত ২০ বছরে উপজেলার নবগ্রাম ইউনিয়নের ছোট বারইল, বেংরুই, দিঘুলিয়া, জয়নগর ও পাছ বারইল গ্রামের বেশির ভাগই কালীগঙ্গা নদীতে বিলীন হয়ে গেছে। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে কয়েক শ লোক অসহায় জীবন কাটাচ্ছেন। এ বছর বর্ষার শুরু থেকে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে শতাধিক বসতভিটা, কয়েক শ একর কৃষিজমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

নদীর ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বেলা ১১টার দিকে পাছ বারইল গ্রামে নদীর তীরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কয়েক শ লোক অংশ নেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

রাকিব হোসেন বলেন, গত ২০ বছরে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। দুই বছর ধরে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এতে বিস্তীর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ভাঙন ঠেকাতে শিগগির পদক্ষেপ না নিলে এসব জায়গা নদীতে বিলীন হয়ে যাবে।

কর্মসূচিতে বক্তারা ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে, জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, নদীর ওইসব এলাকায় ভাঙন ঠেকাতে স্থায়ী ভিত্তিতে বাঁধ নির্মাণে বর্তমানে কোনো পরিকল্পনা নেই। তবে ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।