নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে তালাক দেন নাজমা খাতুন। এর প্রতিশোধ নিতে ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে শাশুড়ি ও স্ত্রীর আগের পক্ষের সন্তানকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় নানি ফাতেমা খাতুন (৪৫) ও নাতি ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নাজমুলকে (৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার মামলার প্রধান আসামি সবুজ গাতিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের আবদুস সাত্তার বলেন, তাঁর মেয়ে নাজমার সঙ্গে সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ভোমরা বন্দরের শ্রমিক আল আমিনের বিয়ে হয়। নাজমুল নামে তাঁদের আট বছরের এক ছেলে আছে। শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে নাজমা ২০২০ সালের এপ্রিল মাসে তাঁর ভাই শরিফুলের সঙ্গে ভারতের তামিলনাড়ুতে কাজ করতে যান। তিন মাস পর ফিরে এলে আল আমিন তাঁকে তালাক দিয়ে ছেলে নাজমুলসহ বাপের বাড়ি পাঠিয়ে দেন। নাজমুলকে নানির কাছে রেখে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করানো হয়।
সাত্তার আরও জানান, কালীগঞ্জের ভাঙানমারির বাসিন্দা খালাতো ভাই সবুজের সঙ্গে নাজমার ২০২০ সালে আগস্ট মাসে সম্পর্ক গড়ে ওঠে মুঠোফোনে। একপর্যায়ে চলতি বছরের মে মাসের শেষের দিকে সবুজের বাবা নবাব আলী ও মা মর্জিনা খাতুন তাঁদের বাড়িতে এসে ২০ হাজার টাকা কাবিনে বিয়ের ব্যবস্থা করে নাজমাকে তাঁদের পুত্রবধূ করে নিয়ে যান। বিয়ের এক সপ্তাহ পর নাজমাকে রাজবাড়ীতে একটি কারখানায় কাজে লাগিয়ে দেন সবুজ। সেখানে সবুজ যৌতুকসহ নানা অজুহাতে নির্যাতন করা শুরু করেন নাজমাকে। একদিন তাঁকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়।
জীবন বাঁচাতে পালিয়ে বাড়ি চলে আসেন নাজমা। আগস্ট মাসের শেষের দিকে সবুজকে তালাক দেন নাজমা। তারপর এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সৌদি আরবে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে ভাষা শিক্ষার জন্য গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় যান নাজমা।
সাত্তার বলেন, তালাক দেওয়ার পর সবুজ আরও বেপরোয়া হয়ে ওঠেন। এরই অংশ হিসেবে সবুজ ও তাঁর পরিবারের সদস্যরা শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাঁদের ঘরের দরজায় শিকল তুলে দিয়ে জানালা দিয়ে পেট্রল ছিটিয়ে একটি লাঠির মাথায় কাপড় জড়িয়ে তাতে আগুন লাগিয়ে ঘরের মধ্যে ছুড়ে দেন। ঘর থেকে বের হতে গিয়ে আগুনে মারাত্মক দগ্ধ হন স্ত্রী ফাতেমা ও নাতি নাজমুল।
কাজলা গ্রামের আবদুল খালেক সরদার ও সোহেল সরদার জানান, চিৎকার শুনে তাঁরা এসে ফাতেমা ও নাজমুলকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক তৌফিক আহম্মেদ বলেন, নাজমুলের শরীরের ৯৫ শতাংশ ও ফাতেমার ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা সংকটাপন্ন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় সাত্তার সরদার বাদী হয়ে সবুজ, তাঁর ভাই সুমন গাতিদার, বাবা নবাব আলী গাতিদার, মা মর্জিনা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে শনিবার রাতে থানায় একটি মামলা করেন। মামলার প্রধান আসামি সবুজকে সাতক্ষীরা জজকোর্ট এলাকার আবদুল মান্নানের হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।