কালীগঞ্জে নৌকার প্রার্থীকে লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রানী অধিকারীকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে শ্যামলী রানী অধিকারী নির্বাচনী পথসভা শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে শ্যামলীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকার প্রার্থীর কর্মী সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে নির্বাচনী সভা শেষে শ্যামলী, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী, সেলিম মাহমুদসহ ৩০-৩৫ জন নেতা-কর্মী ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন।
এ সময় তাঁরা কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে ৫-৬ জন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে বোমা হামলা করে। এ সময় শ্যামলী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে জালের কাঠি ও মারবেলের ভাঙা অংশ পাওয়া গেছে। এটা বোমা হামলা কি না, সেটি তদন্ত করে দেখা হবে। ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলী রানী আতঙ্কে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন।