কালীগঞ্জে পুনাকের মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শিল্পপণ্য মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন। আজ রোববার সকাল ৯টা থেকে স্থানীয় কাপড়, কসমেটিকস, জুতা ও মনিহারি ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। বেলা ১১টার পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এ সময় বক্তব্য দেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম, প্রিন্স মোর্শেদ, খলিল আহমেদ, শরীফ হোসেন, মিন্টু খন্দকার, আলামিন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, মাসব্যাপী পুনাকের শিল্পপণ্য মেলার কারণে স্থানীয় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বেন।
ব্যবসায়ীরা বলেন, বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে পুনাকের মেলার কার্যক্রম স্থগিত করেন। এ সময় তিনি কাল সোমবার সকাল ১০টায় মেলা কর্তৃপক্ষকে অনুমোদনের প্রমাণপত্র নিয়ে ইউএনওর কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর তিনি অবস্থান ধর্মঘট তুলে নিতে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করেন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দলকে ইউএনও অফিসে যাওয়ার অনুরোধ করেন। পরে ব্যবসায়ীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নিজ নিজ প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করেন।
ব্যবসায়ীরা আরও বলেন, ১০ এপ্রিল থেকে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ তাঁত শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং পুনাক গাজীপুর জেলা পুলিশের আয়োজনে শিল্পপণ্য মেলা শুরু হতে যাচ্ছে। ওই মেলা বন্ধের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। গত ২৯ মার্চ এই মেলা বন্ধের দাবিতে তাঁরা বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। মেলা বন্ধ না হলে ৮ এপ্রিল স্থানীয়ভাবে অবরোধ কর্মসূচির ঘোষণাও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।