কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে আটক রেলের দুজন সাময়িক বরখাস্ত
চট্টগ্রামে রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে র্যাবের হাতে আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন হাবিলদার রবিউল হোসেন ও সিপাহী ইমরান হোসেন।
আরএনবির চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আটক দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে হবে।
রেজওয়ানুর রহমান জানান, এ ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
গত রোববার রাতে চট্টগ্রাম রেলওয়ে থানার সামনে থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭–এর চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ প্রথম আলোকে বলেন, ঈদে রেলের টিকিটের চাহিদা বেশি থাকে। এ সুযোগে কালোবাজারিরা বেশি দামে টিকেট বিক্রি করেন। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় গত রোববার রাতে অভিযান চালানো হয়। অভিযানের রেলের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে চট্টগ্রাম–ঢাকা ট্রেনের ৯টি টিকিটসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুজন দীর্ঘদিন ধরে দ্বিগুণ নামে রেলের টিকিট কালোবাজারে বিক্রির কথা স্বীকার করেন।