কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

জয়পুরহাটে বিভিন্ন আন্তনগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার বিকেলে জয়পুরহাট শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আবদুল মমিন (৩২), তেঘর মহল্লার রাকিবুল হাসান (২৪), সগুনা মহল্লার শফিকুল ইসলাম (২৬) ও সবুজ নগর মহল্লার মশিউর রহমান (৪২)। তাঁরা সবাই জয়পুরহাট স্টেশন রোড ও কেন্দ্রীয় মসজিদ মার্কেটের কম্পিউটার কম্পোজের দোকানি।

ডিবি পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কাটতেন। এ ছাড়া তাঁরা টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতেন। সেই টিকিটগুলো কালোবাজারে তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি করে আসছিলেন। আজ বুধবার বিকেলে জয়পুরহাট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২টি টিকিটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়পুরহাটের এসপি মাছুম আহাম্মদ ভূঞা প্রথম আলোকে বলেন, ‘একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করে আসছিল বলে জানতে পারি। ডিবি পুলিশকে চক্রটি ধরার জন্য নির্দেশ দেওয়া হয়। আজকে ৪২টি টিকিটসহ পাঁচজন গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জয়পুরহাট জেলায় ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে।’