কালোবাজারে বিক্রির জন্য টিসিবির পণ্য মজুত, ২০ হাজার টাকা জরিমানা
বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা পণ্য ক্রেতাদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত করে রাখার অপরাধে মো. জাহাঙ্গীর হোসেন নামের এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়েছে। এ সময় মজুত করা পণ্য উদ্ধার করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, টিসিবির পক্ষ থেকে নিয়োগ করা ডিলাররা বরিশাল নগরে ট্রাকে করে যথাযথ স্থানে পণ্য বিক্রি করছেন কি না, তা তদারকির জন্য আজ বুধবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে সুমিরানী মিত্রের নেতৃত্বে টিসিবির বরিশাল বিভাগীয় কার্যালয়ের প্রধান আল আমিন হাওলাদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও মো. শাহ শোয়াইব মিয়া অংশ নেন।
অভিযানে নগরের উপকণ্ঠে গরিয়ারপাড় সেতুবন্ধন ক্লাব এলাকায় পণ্য বিক্রির জন্য রাখা নির্ধারিত ট্রাকে ১৬২ লিটার তেল, ১০০ কেজি ডাল ও ১০০ কেজি চিনি কম পাওয়া যায়। এ সময় ওই এলাকার ডিলার মো. জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একপর্যায়ে স্বীকার করেন, এসব পণ্য তিনি গুদামে মজুত করেছেন। টিসিবি থেকে উত্তোলন করার পর উল্লিখিত পণ্য বিক্রি না করে গুদামজাত করেন তিনি। ডিলারের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের হাটখোলা এলাকার গুদামে অভিযান চালিয়ে সন্ধ্যায় এসব পণ্য উদ্ধার করে আবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে এসব পণ্য মজুত করায় ডিলার জাহাঙ্গীর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর হোসেনের নামে অনুমোদিত টিসিবির ডিলারশিপ বাতিল করার সিদ্ধান্ত নিতে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।