কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তিনি মারা যান।
ওই ব্যক্তির নাম লিয়াকত আলী (৭২)। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকায়। তিনি ময়মনসিংহে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বলেন, আজ সকালে কারাগারের ভেতর লিয়াকত আলী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আজ সকাল নয়টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কারাগার সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা থানায় করা হত্যা মামলায় ২০১৯ সালের ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন। পরে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২০১৯ সালে ৬ মে তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি এই কারাগারে বন্দী ছিলেন।