কাশিমপুর কারাগারে হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় হাইকোর্টের নির্দেশে হাজতির সঙ্গে বাদীর বিয়ে হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
হাজতি ওই বর হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার কে এম আক্কাস (৪৫)। আজ দুপুরে কারাগারের অফিসকক্ষে মামলার বাদীর (৩৫) সঙ্গে তাঁর বিয়ে হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মার্চ পল্টন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আক্কাসের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। মামলার পর থেকে আক্কাস কারাগারে বন্দী। কারাগারে তাঁর হাজতি নম্বর-৪৮৬/২১।
কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বলেন, উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের কাগজপত্র আদালতে পাঠানো হবে। এরপর আদালত তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।