কাশিমপুর থানায় মারধরে গর্ভপাতের ঘটনায় কনস্টেবলকে প্রত্যাহার
গাজীপুরের কাশিমপুর থানায় মারধরের শিকার হয়ে এক নারীর গর্ভপাতের ঘটনায় কনস্টেবল রুমা আক্তারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে কাশিমপুর থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) জাকির হাসান বলেন, কনস্টেবল রুমার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নির্যাতনের ঘটনায় লাবণী আক্তার (২৩) নামের ওই নারী গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লাবণী আক্তার বলেন, থানার ভেতরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে তিনি এক আত্মীয়ের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছেন। অসুস্থ থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। চিকিৎসকের পরামর্শে আজ সোমবার তাঁর আরও তিনটি শারীরিক পরীক্ষা হবে।
১ মার্চ দুপুরে মামলাসংক্রান্ত কাজে কাশিমপুর থানায় গেলে লাবণী আক্তারের সঙ্গে কনস্টেবল রুমার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাবণীকে থাপ্পড় দেন রুমা। এ সময় লাবণীও রুমাকে লক্ষ্য করে চেয়ার উঠান। অন্য এক কনস্টেবল চেয়ার কেড়ে নেন। পরে রুমা লাবণীকে পাশের রুমে নিয়ে বেধড়ক মারধর করেন। বাসায় আসার পর লাবণীর গর্ভপাত হয়। ওই দিন থেকে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।