কাশিমপুর মহিলা কারাগারে নাইজেরিয়ার তরুণীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী চিদিম্মা আবেলফ (২৬) নামের নাইজেরিয়ার এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিদিম্মা ঢাকার রূপগঞ্জে তিনি বসবাস করতেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তাঁর হাজতি নম্বর ১৫৮/২২।
বুধবার তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, নাইজেরিয়ার ওই তরুণীর বিরুদ্ধে দক্ষিণখান থানার মামলা হয়েছিল। তাতে অন্য ধারার সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাও রুজু ছিল। ওই মামলায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দী ছিলেন।
গত বুধবার তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গতকাল বৃহস্পতিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।